ফরমান শেখ: টাঙ্গাইলের কৃষকরা বোরো ধানের চারা রোপনে এখন ব্যস্ত সময় পাড় করছেন। তবে এই ব্যস্ত সময়ে সংকট দেখা দিয়েছে শ্রমিকের। ২০০ থেকে ৩০০ টাকা অতিরিক্ত দিয়েও মিলছে না শ্রমিক। ধানের চারা রোপনের জন্য শ্রমিক না পাওয়ায় বিপাকে পড়েছেন বোরো চাষিরা। সেইসাথে চাষাবাদে বেশি খরচও হচ্ছে। ফলে কষ্টার্জিত এই ফসল ফলাতে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা।

 

সরেজমিনে জেলার ভূঞাপুর, ঘাটাইল, গোপালপুর, ধনবাড়ী, মধুপুর ও কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উঁচু ও নিম্ন অঞ্চলের জমিতে সেচ দিয়ে ট্রাক্টরের মাধ্যমে হাল চাষ করে জমি প্রস্তুত করা হচ্ছে। কেউ ধানের বীজতলা থেকে চারা উঠাচ্ছেন, কেউ জমি সমতল করছে, কেউ সার ছিটাচ্ছেন আবার কেউ ধানের চারা রোপন কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।

 

টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানা যায়- চলতি মৌসুমে এ জেলায় ধানের চারা রোপনের জন্য ১২ টি উপজেলায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ২০০ হেক্টর জমি। গত বছর ছিল ১ লাখ ৭৫ হাজার ২০০ হেক্টর জমি। এছাড়া সরকারিভাবে এ বছর ১২ টি উপজেলা ও বিভিন্ন পৌরসভায় ১ লাখ ১ হাজার (বিঘা) কৃষকদের মাঝে ধানের বীজ ও কীটনাশক বিনামূল্যে কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে।

 

ধানের বীজতলা থেকে চারা উঠাচ্ছেন কৃষকরা। ছবিটি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চর অলোয়া তোলা- প্রতিদিনের টাঙ্গাইল

 

ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামের রাশেদ আলী বলেন, ‘গত কয়েকদিন ধরে ২ বিঘা জমি হাল চাষ করে ধানের চারা রোপনের জন্য প্রস্তুত করে রেখেছি। এই প্রস্তুত জমিতে দ্রুত ধানের চাা রোপন না করতে পারলে মাটি জমে যাবে। তাই বাধ্য হয়ে ৫০০ টাকার পরিবর্তে ৭০০ টাকা করে নেয়া হচ্ছে। ২ বিঘাতে চারা রোপনে কমপক্ষে ৮ জন শ্রমিকে লাগবে। এতে বাড়তি আরও ২ হাজার টাকা বেশি খরচ হচ্ছে।’

 

  • দিনাজপুরের খানসামা থেকে ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের চর অলোয়া গ্রামে ধানের চারা রোপনে কৃষি কাজ করতে আসা শ্রমিক ইসমাইল, টুটুল আহম্মেদ ও রমজান আলীসহ অনেকে বলেন, ‘আমাদের এলাকায় বেশ কিছুদিন আগে বোরো ধানের চারা লাগানো শেষ। তাই এ অঞ্চলে চলে আসছি। আমরা ১০ জন এসেছি ৭ দিন হয়েছে। চর অলোয়া গ্রামে একেকজন একেক বাড়িতে ৭০০ টাকা করে কাজ করতেছি।’

 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ দুলাল উদ্দিন বলেন, জেলায় ১ লাখ ১ হাজার (বিঘা) কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে। এছাড়া বোরো মৌসুমে শ্রমিকের সংকট দেখা দিয়ে থাকে। তবে কৃষিতে আধুনিকতায়নের মাধ্যমে সংকট কমিয়ে আনা সম্ভব।

 

ওজি