ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় নাঙ্গলকোটে জমি বিরোধের জেরে এক প্রবাসী পরিবারের উপর হামলা চালিয়ে প্রবাসীর মাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্যকে আহত করার অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা প্রেসক্লাব হলরুমে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রবাসীর পরিবারের সদস্য মির্জা জয়নাল আবদীন হিরণ।

 

এসময় উপস্থিত ছিলেন- ঘটনার খবর পেয়ে দেশে আসা তার দুই ভাই আবদুল্লাহ মাহবুব ও রফিকুল ইসলাম।

 

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী বাড়ির আজিজুর রহমান লিটনসহ পরিবারের লোকজনের সাথে প্রবাসীর পরিবারের সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে তারা গত ২৮ জানুয়ারি প্রবাসীর পরিবারের উপর হামলা চালায় এবং প্রবাসীর মাকে কোদাল দিয়ে চোখের উপরিভাগে গুরুতর আঘাত করে রক্তাক্ত জখম করে।

 

তারা আরও অভিযোগ করে বলেন, ঘটনার দিন প্রবাসীর আহত মা ফিরোজা বেগমকে প্রথমে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিপক্ষের হামলা ও হুমকিতে প্রবাসীর পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় আছে বলে তারা জানান।

 

প্রবাসী আবদুল্লাহ মাহবুব জানান, হামলাকারীরা তার মাকে হত্যার চেষ্টা করলেও তারা এখন ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করে উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে অপপ্রচার চালিয়ে হয়রানি করছে।

 

এ ঘটনায় নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।