অনলাইন ডেস্ক: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্ত গতকাল সোমবার রাতেও শান্ত ছিল। কোনো শব্দ শোনা যায়নি। তবে আজ মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা গেছে।

 

স্থানীয় লোকজন বলছেন, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি হয়েছে। তবে ভারী গোলাবর্ষণ ও মর্টার শেলের আওয়াজ শোনা যায়নি।

 

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সিরাজুল ইসলাম বলেন, ‘ওপারে সীমান্তে কুমিরখালী ঘাঁটির দখল করার জন্য গোলাগুলি হচ্ছে বলে শুনেছি। গুলির শব্দ শোনা গেলেও আগের মতো এপারে গুলি আসছে না। তবে একদম সীমান্তের কাছাকাছি আরাকান আর্মির অবস্থান দেখে এপারের মানুষ কিছুটা ভয়ে আছে।’

 

হোয়াইক্যং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী বলেন, ‘লম্বাবিল, উনচিপ্রাং, কানজরপাড়া সীমান্তের নাফ নদীর ওপারে গুলির শব্দ শোনা যাচ্ছে, মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে না। লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। সীমান্ত দিয়ে যেন কোনো লোকজন অনুপ্রবেশ করতে না পারে সে জন্য আমরাও সতর্ক অবস্থানে বয়েছি।’

 

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘সীমান্তে কিছু জায়গায় গুলিবর্ষণের খবর পেয়েছি। তবে অন্যদিনের তুলনায় সীমান্তে গোলাগুলি কমেছে। সীমান্ত দিয়ে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে সে জন্য সতর্ক অবস্থানে রয়েছি আমরা।’