গোপালপুর সংবাদদাতা: টাঙ্গাইলের গোপালপুরে আগুনে পুড়ে ৪টি গরু মারা গেছে। সেইসাথে ছয়টি পরিবারের ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (৩ মার্চ) রাতে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দড়িসয়া গ্রামে আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থরা।
ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান তালুকদার বলেন, ওই গ্রামের বাবলু মিয়ার দুটি ঘর, সেজনু মিয়ার দুটি ঘর ও দুটি গরু, নাজমুলের দুটি ঘর, আম্বিয়া খাতুনের একটি ঘর, তোফাজ্জল হোসেনের তিনটি ঘর ও দুটি গরু, সফিকুল ইসলামের একটি ঘর এবং ঘরের ভেতরে থাকা আসবাবপত্র এবং জরুরি কাগজপত্র পুড়ে গেছে।
গোপালপুর ফায়ার স্টেশনের ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. নাজমুল হোসেন বলেন, খবর পেয়ে থানার অফিসার ইনচার্জকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।
ওজি
