কালিহাতী সংবাদদাতা: রাস্তা ঘাট ও হাট বাজারে ফেরি করে গান গেয়ে টাকা উপার্জন করা টাঙ্গাইলের কালিহাতীর বীরমুক্তিযোদ্ধা দিলীপ কুমার দে (৮৫) মারা গেছেন। তিনি উপজেলার বাংড়া ইউনিয়নের উত্তর বাগুটিয়া গ্রামের বাসিন্দা।
বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অর্নারসহ ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে স্থানীয় মহাশশ্মান ঘাটে তার শেষকৃর্ত্য সম্পন্ন করা হয়।
এরআগে রাত ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে জয় লাভ করলেও জীবন যুদ্ধে এই বীর মুক্তিযোদ্ধা ঠিক তার গানের কথার মতো তার সুর যেন থেমে গেল।
অভাবের সংসারে বিভিন্ন প্রয়োজনে নেয়া ঋণের কিস্তি পরিশোধের পর যা থাকত তা দিয়ে চিকিৎসা ও পরিবার চলত না তার। তাই প্রায়শই বাড়ি থেকে বেড়িয়ে পড়তেন আশপাশের মানুষদের গান শোনাতে। গান শুনে খুশি হয়ে মানুষ এ বীরমুক্তিযোদ্ধাকে টাকা দিতেন।
উল্লেখ্য, ২০২২ সালের বিজয় দিবসে চ্যানেল আই এই বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়াসহ চিকিৎসার সহযোগিতা হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করে। এছাড়া নিউইর্য়কের জনপ্রিয় ইউটিউবার প্রিসিলাও বীর মুক্তিযোদ্ধা দীলিপ কুমারের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেছিলেন।
ওজি/প্রটা

