নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বাঙ্গালি সংস্কৃতির অন্যতম উৎসব বৈশাখী মেলা শুরু হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিনব্যাপী এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। মেলাকে কেন্দ্র করে উপজেলাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৈশাখী মেলা শুরু হয়েছে। মেলায় বিভিন্ন খাবার, খেলনা, চুড়ি-মালাসহ বিভিন্ন ধরনের পসরা নিয়ে দোকান সাজিয়েছেন দোকানীরা। এছাড়া মেলায় নাগরদোলাসহ শিশুদের জন্য রয়েছে বিভিন্ন আইটেম।
- এইদিন বিকেল ৩টায় শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা হবে। এরপর মেলায় ফুলরেনু খেলাঘর আসরের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এরপরই উদীচী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় আরেকটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় বৈশাখী মেলা ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। রাত সাড়ে ৮টায় শৎত চন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী ও আব্দুল করিম খানের নির্দেশনায় এবং ধূমকেতু থিয়েটারের পরিবেশনায় নাটক “মহেষ’ মঞ্চায়িত হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জলিল আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। এতে আরো উপস্থিত থাকবেন, জেলা আওয়ামী লীগের সদস্য আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সাধারন সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ও আরিফুল হক আরজু, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার জাহিদ হাসান, সাবেক জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলাম, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন সরকার ও গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনির প্রমুখ।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, শাহজাহান মিয়া, এস.এম জাহিদুল ইসলাম মোস্তফা, হারুন অর রশিদ হিটলার ও ইকবাল হোসেন বাবলু।
বেশাখী মেলার আয়োজক কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক হাসান ছারোয়ার তালুকদার লাভলু বলেন, বৈশাখী মেলার সকল প্রস্তুতি শেষ হয়েছে। ইতোমধ্যেই মেলায় বিভিন্ন স্টলে দোকানীরা বিভিন্ন পসরা নিয়ে বসে পড়েছে। মেলাকে কেন্দ্র করে সকলের মাঝে আনন্দের বন্য বইছে। দীর্ঘদিন পর ভূঞাপুরে তিনদিনব্যাপী মেলা শুরু হয়েছে। বৈশাখী মেলাটি শেষ করতে সকলের সহযোগিতা কামনা করি।
ওজি/প্রটা
