রহিমা ফার্মেসীতে চুরির ঘটনা ঘটেছে

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে সঙ্গবদ্ধ চোরচক্র ওষুধের দোকানের চালের টিন কেটে ১০ লক্ষাধিক টাকার ওষুধ চুরি করেছে। চুরি করার আগে তারা দোকানে থাকা সিসি টিভির ক্যামেরার তার কেটেছে। দোকান মালিকের দাবী, চোরচক্র বেছে বেছে দামী ওষুধগুলো চুরি করেছে।

 

শুক্রবার (১০ মে) দিবাগত রাতে ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর বাজার মোড়ের রহিমা ফার্মেসীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

রহিমা ফার্মেসীর স্বত্ত্বাধিকারী রকিবুল ইসলাম রাকিব জানান, প্রতিদিনের মত দোকান তালা লাগিয়ে বন্ধ করে বাসায় চলে যাই। শনিবার সকাল ৯টার দিকে দোকানে গিয়ে তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখি টিনের চাল কাটা। রাতের বৃষ্টির পানি কাটা টিনের চাল দিয়ে ভিতরে পড়েছে। এতে নিচে থাকা ওষুধ ভিজে নষ্ট হয়ে গেছে। পরে দোকানের ভিতরে রাখা ফ্রিজ খোলা দেখি। ফ্রিজে সব দামী ওষুধ সব নিয়ে গেছে। এছাড়া সারা দোকান খুজে দামী দামী ওষুধ চুরি করেছে। দুইধাপে টিনের চাল দেয়া ছিল। তারপরও টিনের চাল কেটে এবং টিন খুলে দোকানের ভিতর প্রবেশ করে দামী ওষুধ চুরি করেছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

 

ভূঞাপুর বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক আরিফুল হক আরজু বলেন, বাজারে পর্যাপ্ত নিরাপত্তা প্রহরী আছে। রাতে তারা বাজারে বিভিন্নস্থানে পাহারা দেয়। এছাড়াও পুলিশ সদস্যরা টহল দেয় বাজারে। রাতে বৃষ্টি ছিল এই সুযোগে চোরচক্র চুরি করেছে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু দোকানের উপরে টিন কেটেছে আর নিরাপত্তা প্রহরীরা নিচ দিয়ে পাহারা দেয় এছাড়া রাতে বৃষ্টির কারণে শব্দও বুঝে যায়নি। এছাড়া দোকানের বিদ্যুত সংযোগ ও সিসি ক্যামেরার তার কেটেছে চোরেরা।

 

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) আরফান আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দোকানের চালের টিন কেটে চোরচক্র ভিতরে প্রবেশ করে চুরি করেছে। তদন্ত হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

ওজি/প্রটা