কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের মৃত আয়নাল হকের ছেলে আমির হোসেন (৫২ ) ও মৃত নূর হোসেনের ছেলে আফজাল হোসেন (৫৫)। তারা সম্পর্কে খালাতো ভাই।
শনিবার ( ১৮ মে ) উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ ধরে উপজেলার আউলিয়াবাদ বাজারে ঘর ভাড়া নিয়ে নিহত আমির ও আফজালসহ কয়েকজন শ্রমিক আশপাশের বিভিন্ন এলাকায় ধান কাটার কাজ করতো। শনিবার ভোরে বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ী গ্রামের হযরত আলীর ধান ক্ষেতে তাঁরা ৬ জন শ্রমিক ধান কাটতে ছিল। এসময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা ধান ক্ষেত থেকে বাড়িতে যাওয়ার সময় তাদের মৃত্যু হয়।
উপজেলার বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছোহরাব আলী জানান, সকালে কয়েকজন শ্রমিক স্থানীয় হযরত আলীর ক্ষেতের ধান কাটতে যান। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। পরে বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (এসআই) রাজীব হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
ওজি/প্রটা
