তৃতীয়ধাপে টাঙ্গাইলে তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

 

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তোফাজ্জল হোসেন খান তোফা ও নাগরপুরে কেএম সালমান শামস্ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। এছাড়াও দেলদুয়ার উপজেলা পরিষদ নির্বাচনে মাহমুদুল হাসান মারুফ দ্বিতীয়বা‌রের মত চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

 

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ১৪০ টি কেন্দ্রে চার লাখ ৪০ হাজার ২৪ জন ভোটারের মধ্যে এক লাখ ১৩ হাজার ১৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৪২ হাজার ৪৭ ভোট পেয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান (দোয়াত কলম) চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি সদর আওয়ামী লীগের সভাপতি (ঘোড়া) পেয়েছেন ৩৫ হাজার ২০৮ ভোট।

 

নাগরপুরে ৯৮ টি কেন্দ্রের দুই লাখ ৬৩ হাজার ৩৭ ভোটের মধ্যে ৩৮ হাজার ২৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে প্রয়াত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের ছেলে কেএম সালমান শামস্ (আনরস) ৩৫ হাজার ৭৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুস সামাদ (ঘোড়া) পেয়েছেন ১৫ হাজার ৩০৬ ভোট।

 

এছাড়াও দেলদুয়ারে ৫৯ টি কেন্দ্রে এক লাখ ৮৪ হাজার ৭৫৮ জন ভোটারের মধ্যে ৬৩ হাজার ৩৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুল হাসান মারুফ (কাপ পিরিচ) ২৯ হাজার ২৯৭ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক পেয়েছেন ১৮ হাজার ৯৫৩ ভোট।

 

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মতিয়ূর রহমান জানান, তিন উপজেলার একটি পৌরসভা ও ৩২ টি ইউনিয়নের ২৯৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। তিন উপজেলায় তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আট প্লাটুন বিজিবির সদস‌্য দায়িত্ব পালন করে‌ছেন।

 

ওজি/প্রটা