নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আইএমএফ-এর নিয়ম অনুযায়ী আমাদের তিন মাসের রিজার্ভ থাকাই যথেষ্ট। আমাদের এখনো সাড়ে চার মাসের রিজার্ভ আছে।

 

শনিবার (১ জুন) বিকেলে টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

বানিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা যদি বেশি করে রেমিট্যান্স পাঠান, রপ্তানি আয় যদি আরেকটু বাড়ে তাহলে আমরা অনেক এগিয়ে যাবো। সবচেয়ে বড় কথা বিদেশি বিনিয়োগ প্রয়োজন। আমাদের যে আমদানি রপ্তানির গ্যাপ রয়েছে, এই গ্যাপ ফুলফিল করার জন্য আমাদের বিদেশি সরাসরি বিনিয়োগ দরকার। আমারা অনেক দেশ থেকে প্রতিশ্রুতি পেয়েছি। তারা বিনিয়োগ করলে আমরা অনেকটা চাপ মুক্তভাবে কাজ করতে পারবো।

 

প্রতিমন্ত্রী আরো ব‌লেন, বিশ্বের ৯৩টি দেশের মধ্যে বাংলাদেশে আলুর দাম কম। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাজার মনিটরিং করা হচ্ছে।

 

অনুষ্ঠা‌নে বেলুন উড়িয়ে বিসিক উদ্যোক্ত মেলার উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। পরে মেলার ৫৪টি স্টল ঘুরে দেখেন।

 

জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, আঞ্চলিক কার্যালয় বিসিক পরিচালক ও উপসচিব ড. আলমগীর হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী প্রমুখ।

 

ওজি/প্রটা