ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলে অ‌বৈধভা‌বে সম্পদ অর্জনের দা‌য়ের নূরুল আমিন তালুকদার না‌মের এক সাব-রেজিস্ট্রার তার স্ত্রী ও সন্তান‌দের স্থাবর-অস্থাবর স‌ম্প‌ত্তি জ‌ব্দের নি‌র্দেশ দি‌য়ে‌ছে আদালত।

 

বুধবার (০৫ জুন) টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ আদালতের বিচা‌রক মো. নাজিমুদ্দৌলা এই নি‌র্দেশ দেন। অ‌ভিযুক্ত নুরুল আমিন তালুকদার গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সাব- রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছেন।

 

প‌রে আদাল‌তের নি‌র্দেশে সাব-রেজিস্ট্রার নূরুল আমিন তালুকদার তার স্ত্রী নূরুন্নাহার খানম এবং কন্যা জিনাত তালুকদারের নামে স্থাবর-অস্থাবর সম্পত্তিসহ বিভিন্ন ব্যাংকে রাখা প্রায় সাড়ে ১১ কোটি টাকা জব্দ করেছে দুর্নীত দমন কমিশন (দুদক)।

 

এর আগে অ‌বৈধভা‌বে সম্পদ অর্জনের দা‌য়ে নূরুল আমিন তালুকদারের দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রমাণ পাওয়ার পর তার বিরুদ্ধে গত ২০২৩ সালের ২৩ জুলাই টাঙ্গাইল আদাল‌তে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

দুদকের তথ্যমতে- নূরুল আমিন তালুকদারের ৪টি ব্যাংক হিসাবে ১২ লাখ ১ হাজার ১১১ টাকা, স্ত্রী নূরুন্নাহারের ১০টি ব্যাংক হিসাবে ৪ কোটি ৪ লাখ ৫৩ হাজার ৩৬৮ টাকা এবং কন্যা জিনাত তালুকদারের ৪ টি ব্যাংক হিসাবে ১ কোটি ২৪ লাখ ৮২ হাজার ১৩৩ টাকা, সর্বমোট ৫ কোটি ৪১ লাখ ৩৬ হাজার ৬১২ টাকা জব্দ করা হয়।

 

এছাড়াও নূরুল আমিন তালুকদারের স্ত্রী নূরুন্নাহার খানমের ৭৫ শতাংশ সম্পত্তি রয়েছে, যার মূল্য ৩ কোটি ৫৭ লাখ ৭০ হাজার ৯৪০ টাকা এবং কন্যা জিনাত তালুকদারের নামে ২টি ফ্লাট যার মূল্য ৭৭ লাখ এবং একটি প্রাইভেটকার (টয়োটা) গাড়ী ২৯ লাখসহ মোট ১ কোটি ৬ লাখ জব্দের নির্দেশ আদেশ দেন আদালত। এছাড়াও ভূঞাপুর বাসস্ট‌্যা‌ন্ডের কা‌ছে বহুতল বা‌নিজ্যিক ভবন নির্মাণ করা হ‌চ্ছে।

 

সাব-রেজিস্টার নূরুল আমিন তালুকদার বলেন, দুদকের অনুসন্ধানের কোনো অভিযোগের কপি বা আদালত আমার স্ত্রী ও মেয়ের নামে স্থাবর-অস্থাবর সম্পত্তিসহ ব্যাংক হিসাব জব্দের বিষয়ে জানা নেই।

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. নুর আলম জানান, এসবের বাহিরে তার কোনো সম্পদ আছে কিনা তা জানতে চাওয়া হবে। এছাড়াও অভিযুক্ত সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার প্রস্তুতি চলছে।

 

ওজি/প্রটা