নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানসিক বিকারগস্ত, দাম্ভিক ও দুর্নীতিপরায়ন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেনের সেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি, অবৈধ নিয়োগ বাণিজ্য, ভর্তি পরীক্ষার অর্থ আত্নসাৎ এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি।
বুধবার (১৯ জুন) মাভাবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে ৩য় শ্রেণি কর্মচারী সমিতির সাবেক সভাপতি মির্জা রানা ও এস এম মাহফুজুর রহমান মাসুদ, বর্তমান সভাপতি বজলুর রহমান বাপ্পি, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিপন তালুকদার, ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আমিনুর ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ মামুন কবির খান বক্তব্য রাখেন।
এসময় বক্তারা পরীক্ষার নামে প্রশ্ন ফাঁস করে টাকা খেয়ে পছন্দের লোককে চাকরি দেয়া ও জিএসটি ভর্তি পরীক্ষার ২০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ আনে।
উল্লেখ্য, গত ১০ জুন ২০২৪ (সোমবার) থেকে বিশ্ববিদ্যালয়ের ৩য় শ্রেণীর কর্মচারীবৃন্দ ছয় মাস যাবৎ বকেয়া ওভার টাইম (অধিকাল ভাতা) এর দাবিতে কর্মবিরতি পালন করে। গত ১১ জুন ২০২৪ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয় প্রশাসন সিরাজগঞ্জ ক্যাম্পাসে (ভেটেরিনারি কলেজ) গাড়ির হেলপার দিয়ে মাইক্রোবাস প্রেরণ করে। এতে ৩য় শ্রেণীর কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে পরিবহন পরিচালকসহ পরিবহন অফিসের কর্মকর্তাদের তালাবন্ধ করে। ঐদিনই (ঈদের ছুটির আগের দিন) বিকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর নিজস্ব গাড়ি নিয়ে বের হতে চাইলে কর্মচারীরা মিনিবাস দিয়ে রাস্তা অবরুদ্ধ করে। এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে অটো গাড়িতে চড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করেন।
ওজি/প্রটা
