নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জেলার চারটি থানায় আলাদা আলাদাভাবে ১০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত জেলায় ১৬৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার অধিকাংশ বিএনপি ও জামায়াতের অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। এরমধ্যে গেল ২৪ ঘণ্টায় ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, টাঙ্গাইলে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, সরকারি কাজে বাঁধা ও সরকারি স্থাপনা ভাঙচুরসহ কয়েকটি ঘটনায় জেলার টাঙ্গাইল সদর, কালিহাতী, মধুপুর, ধনবাড়ী এবং ঘাটাইল থানায় আলাদা আলাদাভাবে ১০টি মামলা করেছে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ। এরমধ্যে মধুপুরে এক শ্রমিক নেতা মামলা দায়ের করেছেন।
এরআগে টাঙ্গাইলে কোটা আন্দোলনে পুলিশ ও শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে শতাধিক আহত হয়েছে। এছাড়া এই সংঘর্ষে বেশ কয়েকজন সাংবাদিকও আহত হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলাগুলো তদন্ত করা হচ্ছে। এ সব মামলায় এ পর্যন্ত ১৬৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওজি/প্রটা

