নিজস্ব প্রতিবেদক: যারা ধানমন্ডির ৩২ পুড়িয়েছে তাদের বিচার করতে হবে। বঙ্গবন্ধুর বাড়িতে কারা আগুন দিয়েছে তদন্ত করে এর বিচার করবেন, এবং এর সঠিক বিচার না করলে এই সরকারকেও তার জবাবদীহিতা করতে হবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।।
শুক্রবার (৯ আগষ্ট) রাতে টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নিজ বাসভবন সোনার বাংলায় প্রেস ব্রিফিং করে এসব কথা বলেন।
বঙ্গবীর বলেন, বঙ্গবন্ধু এই দেশের সম্পদ, এই দেশের সম্মান। তার প্রতিকৃতি ওইভাবে ভাঙার কোন মানে হয় নাই। এটা যদি আন্দোলনের পক্ষের লোকেরা দেখে থাকেন তাহলে তাদেরকে জবাবদিহি করতে হবে। আর যদি কেউ এর ভিতরে ঢুকে আন্দোলন বিপদগামী করার জন্যও করে থাকে তাহলে বর্তমান সরকারকে এদের খুঁজে বের করে এর বিচার করতে হবে।
তিনি বলেন, বর্তমান অন্তবর্তিকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনুসের ক্ষমতার লালসা নাই। দূর্নীতি যদি গলা টিপে না ধরতে পারেন তাহলে এই সরকারের প্রতিও মানুষের আস্থা থাকবে না। মানুষ দূর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা চায়। এখানে কতটা বছর শুধু অন্যায় অন্যায় আর অন্যায় হচ্ছে। এই আন্দোলনটা কোটা আন্দোলনেই এতটা সফলতা আসে নাই, বৈষম্যের জন্য আসে নাই, মানুষ ক্ষিপ্ত হয়েছে। তিন-চারটি নির্বাচনে মানুষ ভোট দিতে যেতে পারে নাই, ভোট দিতে পারে নাই। মানুষের ইচ্ছার বাইরে সরকার চলেছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৫ই আগষ্ট এতোদিন সরকারিভাবে পালিত হয়েছে। এবার কিভাবে পালিত হবে নাকি আদৌ পালিত হবে না আমরা এই অন্তবর্তিকালীন সরকারের কাছে জানতে চাই।
বঙ্গবীর কাদের সিদ্দিকী পুলিশকে উদ্দেশ্য করে বলেন, আপনারা থানায় যোগদান করে মানুষকে সেবা দেন। কোন দল বা গোষ্ঠীর হয়ে কাজ করলে আপনাদের কোন ভবিষ্যৎ নাই।
হিন্দুদের উপর হামলার বিষয়ে তিনি বলেন, দেশে হিন্দুদের উপর প্রাতিষ্ঠানিকভাবে নির্যাতন, হুমকি ও ক্ষতিগ্রস্থ করা হয়েছে। যারা করছেন তাদের হাত গুটিয়ে নেয়া দরকার না হলে হাত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে।
ওজি/প্রটা

