নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জজ কোর্টের প্রধান সরকারি আইন কর্মকর্তা (জিপি) এডভোকেট মো: আজিজুর রহমান পদত্যাগ করেছেন। এছাড়াও পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট এস আকবর খানও পদত্যাগ করবেন বলে জানা গেছে।

 

মঙ্গলবার (২০ আগস্ট) তিনি জেলা প্রশাসকের আইটি শাখায় তার পদত্যাগপত্র জমা দেন।

 

মো: আজিজুর রহমান বলেন, অনিবার্য কারণে আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। মঙ্গলবার বেলা ১১টা দিকে পদত্যাগপত্র লিখে জেলা প্রশাসকের আইটি শাখায় পাঠিয়ে দিয়েছি। এখন জেলা প্রশাসক আমার পদত্যাগপত্রটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়ে দিবেন।

 

অন্যদিকে টাঙ্গাইলের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট এস আকবর খানও পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন। এস আকবর খান বলেন, আমিও পদত্যাগপত্র লিখে রেখেছি। যেকোন সময় সংশ্লিষ্ট দপ্তরে তা পাঠিয়ে দেব।

 

এর আগে মঙ্গলবার সকালে বিএনপি সমর্থিত আইনজীবীরা টাঙ্গাইল জজ কোর্টের সকল সরকারি আইন কর্মকর্তার পদত্যাগের দাবিতে মিছিল করেন। টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সামনে থেকে মিছিল বের হয়ে আদালত চত্বর ঘুরে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে জজ কোর্টের সকল সরকারি আইন কর্মকর্তাকে পদত্যাগের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা।

 

ওজি/প্রটা