মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষার্থীকে বহিস্কার

মাভাবিপ্রবি সংবাদদাতা: টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাঁধা, শিক্ষার্থীদের নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১৯ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে বহিস্কার হওয়ার শিক্ষার্থীদের চলতি সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ, একাডেমিক কার্যক্রম, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও হলে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলামের স্বাক্ষরিত আদেশের চিঠিতে তাদের সাময়িক বহিস্কার করা হয়।

 

এরআগে গত ১৭ আগষ্ট বিশ^বিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা প্রতিহিংসামূলক কার্যকলাপের জন্য মাভাবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ৭জন শিক্ষার্থী বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দেয়। শিক্ষার্থীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ২৪ আগষ্ট রিজেন্ট বোর্ডের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় ওই ১৯জনকে সাময়িক বহিস্কারের জন্য সুপারিশ করা হয়।

 

বহিস্কৃতরা হলেন, ছাত্রলীগের মাভাবিপ্রবি শাখার সভাপতি ও ইএসআরএম বিভাগের শিক্ষার্থী মানিক শীল, সাধারন সম্পাদক ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হুমায়ুন কবীর, সহসভাপতি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী খালেকুজ্জামান নোমান, যুগ্ম সম্পাদক ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাওন ঘোষ, সুজন মিয়া, মো. নাইম রেজা, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা মো. সাদিক ইকবাল, রায়হান আহমেদ শান্ত, আনোয়ার হোসেন অন্তর, গণিত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা মো. আবিদ হাসান মারুফ, শাখাওয়াত আহমেদ শুভ্র, মো. আব্দুল্লাহ সরকার উৎস, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা নাহিদ হাসান, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা জাহিদ হাসান, মো. রিফাত হোসেন, সিপিএস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমেদ রাজু, ইমরানুল ইসলাম, রসায়ন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা রানা বাপ্পি এবং একই বিভাগের ছাত্রলীগ নেতা মো. যোবায়ের দৌলা রিয়ন।

 

এদিকে সাময়িক বহিস্কার হওয়ার মাভাবিপ্রবির ছাত্রলীগের সভাপতি মানিক শীল গত ১৮ জুলাই টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বর্বরোচিত হামলার শিকার হয়। এতে তার মাথায় আঘাত লেগে গুরুত্বর আহত হয়ে বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে গত ১৮ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করানো হয়।

 

শিক্ষার্থীদের বহিস্কারের বিষয়ে বক্তব্য জানতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এআরএম সোলাইমানের সাথে মোবাইলে বারবার যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি।

 

ওজি/প্রটা