কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে বালুর ঘাট নিয়ে বিরোধের জের ধরে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারের গাড়িতে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উপজেলার গোহালিয়া বাড়ি ইউনিয়নের বেনুদ লুহুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হাই হামলাকারীদের ভয়ে দৌড়ে পালিয়ে যান বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা হযরত আলী তালুকদার দীর্ঘদিন ধরে বালু বিক্রি করে আসছে। শনিবার সকালে হযরত আলী তালুকদারের বালুর ঘাটে প্রতিপক্ষগ্রুপ অতর্কিত হামলা চালায়। রাতে হযরত আলী তালুকদার ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হাইসহ কয়েকজন বালুর ঘাটের অফিস কক্ষে বসেছিলেন। পুনরায় হঠাৎ কয়েকজন এসে অফিস কক্ষে হামলা চালায় এবং বাইরে থাকা হযরত তালুকদারের মাইক্রোবাসে আগুন ধরিয়ে চলে যায়।
সাবেক চেয়ারম্যান হযরত আলী তালুকদার জানান, স্থানীয় বিএনপি নেতা বাবুল তালুকদারের নেতৃত্বেই এই হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। তারা কালিহাতীর সবগুলো ঘাট নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছেন এবং কিছু ঘাট দখলে নিয়েছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভুঞা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বালুর ঘাটকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে এই ঘটনা ঘটেছে।
ওজি/প্রটা

