ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিভিন্ন ইউনিয়ন পরিষদগুলোতে সেবা বঞ্চিত হয় মানুষজন। এতে অনেকেই চরম ভোগান্তি পড়েন বিভিন্ন সেবা না পেয়ে। তেমনইভাবে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়ন পরিষদে একই অবস্থার সৃষ্টি হয়। সরকার পতনের পর সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিক ইউনিয়ন পরিষদে না আসায় সেবা বঞ্চিত হয় মানুষজন। এতে সরকারে নানা উন্নয়ন কাজসহ সুবিধাভোগীরা সেবা থেকে বঞ্চিত হয়। এতে দীর্ঘদিন পর ওই ইউনিয়নের ভারই এলাকার ইউপি সদস্য শফিকুল ইসলাম হাসানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়ার পর চিত্র পাল্টে যায়। তিনি দায়িত্ব গ্রহণের পরদিনই শত শত মানুষজন সেবা নিয়েছেন। ইউনিয়নের সেবাপ্রত্যাশী মানুষজন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে সেবা নিচ্ছেন।
সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলার অলোয়া ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা গেছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে সেবাপ্রত্যাশীরা আসছেন বিভিন্ন সেবা নিতে। কেউ আসছেন, ওয়ারিশান সার্টিফিকেট, কেউ প্রত্যয়নপত্র, কেউ ট্রেড লাইসেন্সসহ কারণে পরিষদে এসেছেন। এছাড়া বয়স্ক ভাড়া, বিধবা ভাতার বিষয়ে অনেকেই আসছে। সকল মানুষকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেবা দিচ্ছেন। অনেকের কথা শুনছেন এবং তাৎক্ষনিক সমাধান করে দিচ্ছেন।
সেবাগ্রহীতা জহুরুল ইসলাম বলেন, আড়াই মাস ধরে ঘুরছি একটা কাজের জন্য। কিন্তু চেয়ারম্যান না থাকায় কোথাও গিয়ে কোন কাজ হয়নি। গতকাল খবর পেয়েছি একজন ইউপি সদস্যকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। সকালেই এসে কাজ করে নিয়ে গেলাম। তিনি মেম্বার থাকতেই তিনি একজন আদর্শবান মানুষ হিসেবে পরিচিত ছিল।
আলমগীর জানান, শতশত মানুষ পরিষদে এসেছেন সেবা নিতে। মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন চেয়ারম্যানের প্রত্যয়নপত্র ও নাগরিক সনদ। এটার জন্য যে কত মানুষের কাজ করতে পারেনি সেটা কি বলবো।
মুক্তিযোদ্ধা শামছুল হক বলেন, ওয়ারিশান সার্টিফিকেটের কারণে জমির ঝামেলা তৈরি হয়েছিল। ৩মাস ধরে এই সার্টিফিকেট তুলতে পারিনি চেয়ারম্যান না থাকার কারণে। সকালে আসার সাথে সাথেই ওয়ারিশান সার্টিফিকেট নিয়েছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রত্যেকটা মানুষের কাজই খুবই আন্তরিকতার সাথে করছেন। মেম্বার থাকতেও তিনি এমন আন্তরিকভাবেই কাজ করেছেন।
অলোয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম হাসান বলেন, মানুষকে সেবা দিতে পারছি এর থেকে আনন্দ আর কিছু নাই। দায়িত্ব নেয়ার পরদিনই কয়েকশ মানুষকে বিভিন্ন সেবা দিয়েছি। কত মানুষের যে কাজ আটকে ছিল সেটা এখন বুঝতেছি।
ওজি/প্রটা

