টাঙ্গাইলে কারাবন্দীদের জন্য বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা জেলা প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক: ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে টাঙ্গাইল জেলা কারাগারের বন্দীদের জন্য খেলা দেখার বিশেষ ব্যবস্থা করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। তার উদ্যোগে জেলা কারাগারের ১৮টি ওয়ার্ডে পর্যায়ক্রমে টেলিভিশন স্থাপন করা হয়েছে, যাতে কারাবন্দীরাও বিশ্বকাপ ফুটবলের আনন্দ উপভোগ করতে পারে।

বুধবার (১০ জুন) জেলা প্রশাসক কারাবন্দীদের মাঝে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেন।

জেলা প্রশাসক শরীফা হক বলেন, নিয়মিত কারাগার পরিদর্শনের সময় কারাবন্দীরা তার কাছে বিশ্বকাপ খেলা দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানায়। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই তিনি এ উদ্যোগ গ্রহণ করেন।

তিনি আরও বলেন, একজন স্বাভাবিক মানুষের মতো কারাবন্দীদেরও বিনোদন ও আনন্দ পাওয়ার অধিকার রয়েছে। বিশ্বকাপ ফুটবল বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরগুলোর একটি। তাই বন্দীদেরও এই আনন্দে শামিল করার চিন্তা থেকেই টিভি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার বলেন, কারাগারের বিভিন্ন ওয়ার্ডে টেলিভিশন স্থাপনের ফলে কারাবন্দীদের মাঝে আনন্দ ও শৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে।

 

প্রটা/অভি