অনলাইন ডেস্ক । প্রতিদিনের টাঙ্গাইল : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তির দাবিতে আগামী ১০ নভেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ খেলাফত মাজলিস। একই সঙ্গে ৮ নভেম্বর ঢাকায় ছাত্র সমাবেশ করার ঘোষণাও দেয়া হয়

 

শুক্রবার (৩ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত যুব মাজলিস ঢাকা মহানগর আয়োজিত পদযাত্রার আগে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে বক্তারা বলেন, যখন অন্যায়ের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক যখন ডাক দিয়েছেন এবং বাংলাদেশের আপামর জনতা রাস্তায় নামতে শুরু করেছেন তখনই ওই আওয়ামী লীগ সরকার তাকে গ্রেপ্তার করে জেলে ভরে রেখেছে। এরপর আমরা যতবার তার জামিনের জন্য আবেদন করেছি, ততবার নাকচ করে দিয়েছে। তার কারণ এই সরকার আদালতকে ব্যবহার করছে। প্রশাসনকে তার হাতের মুঠোয় নিয়েছে।

 

তারা বলেন, আমরা সরকারকে বলতে চাই, পুলিশ প্রশাসন আপনার গোলামী করতে পারে, র‌্যাব আপনার গোলামী করতে পারে, আদালত আপনার গোলামী করতে পারে। কিন্তু বাংলাদেশের জনগণ আপনার গোলামী করবে না। জনগণ রাস্তায় নেমে আপনাকে ক্ষমতাচ্যুত করে মামুনুল হককে মুক্ত করবে। বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, মাওলানা মামুনুল হককে বছরের পর বছর বন্দি করে রাখা হতে পারে, কিন্তু তার আদর্শকে বন্দি করতে পারবে না।

 

সূত্র- ঢাকাপোস্ট