নিজস্ব প্রতিবেদক : বিস্ফোরক আইনে করা মামলায় টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌরসভার বেপারীপাড়া এতিমখানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র নেতা-কর্মীরা। এসময় তারা সাধারন সম্পাদককে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন।
টাঙ্গাইল সদর থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, গত ২৯ অক্টোবর টাঙ্গাইল সদর থানায় দায়ের করা মারামারি ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা রয়েছে। প্রক্রিয়াশেষে ওই বিএনপি নেতাকে আদালতে পাঠানো হবে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন বলেন, তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি টাঙ্গাইল সদর থানায় রয়েছেন।
উল্লেখ্য, টাঙ্গাইলে গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন থানায় ৬টি মামলায় ১৯৪ বিএনপি’র নেতাকর্মীর নাম উল্লেখ করে করা হয়। এই ছয়টি মামলায় অজ্ঞাত আরো ৫০০ জনকে আসামি করা হয়েছে। গত ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত এ সব মামলায় গ্রেপ্তার হয়েছেন ১৬৬ জন। তারা এখন টাঙ্গাইল কারাগারে রয়েছেন।
ওজি
