বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজ ঢাকায় সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় মিরপুর-১ ঈদগাহ মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেবেন দলটির আমীর মুফতি রেজাউল করিম (চরমোনাই পীর)।
এর আগে এক সভায় তিনি বলেন, দেশ ভয়াবহ সংঘাতের মুখে পড়েছে। দেশ ও দেশের জনগণকে রক্ষায় সংঘাত থেকে বাঁচাতে প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।
চরমোনাই পীর বলেন, সংঘাত থেকে দেশকে রক্ষায় ক্ষমতা ছেড়ে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তফসিল ঘোষণার আগেই জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। একতরফা নির্বাচনের পথ থেকে সরকারকে ফিরে আসতে হবে।
মুফতি মুহাম্মদ রেজাউল করীম বলেন, একতরফা নির্বাচনের আয়োজন করা থেকে নির্বাচন কমিশনকে বিরত থাকতে হবে। আবার একতরফা নির্বাচনের ব্যবস্থা করলে নির্বাচন কমিশন গণধিকৃত হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, জনমত উপেক্ষা করে সরকার একতরফা নির্বাচনের পথেই হাঁটছে। সরকারকে একতরফা নির্বাচনের চিন্তা বাদ দিয়ে অধিকাংশ রাজনৈতিক দলের দাবি অনুযায়ী ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে হবে। অন্যথায় দেশজুড়ে যে তীব্র আন্দোলন গড়ে উঠছে, তা আরও কঠিন থেকে কঠিন রূপলাভ করবে।
ওইদিন ২৯ সেপ্টেম্বর ঢাকার সমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন মুফতি রেজাউল করিম (চরমোনাই পীর)
