মুশফিকুর মিল্টন : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বাধীনতার ইশতেহার পাঠক ও সাবেক মন্ত্রী প্রয়াত শাজাহান সিরাজের কন্য ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হুসেইনের কাছে মনোনয়নপত্র জমা দেন শুক্লা। এসময় শাজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজ সারওয়াত সিরাজের সাথে ছিলেন।
মনোনয়নপত্র জমা দেয়ার পর ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা সাংবাদিকদের বলেন, আমার বাবা সারাজীবন কালিহাতীর মানুষের জন্য কাজ করেছেন। তিনি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমিও আমার বাবার মত কালিহাতীর মানুষের সেবা করতে চাই।
এদিকে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে আসলেও প্রয়াত শাজাহান সিরাজের অনুসারীরা তাকে স্বাগত জানিয়েছেন। শুক্লার বিজয় নিশ্চিত করার জন্য তারা ভোটের মাঠে থাকবেন বলে অনেকেই জানিয়েছেন।
এ আসনে ব্যারিস্টার সারওয়াত শুক্লা ছাড়াও আরও ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে নৌকার প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও তাঁর ছোট ভাই মুরাদ সিদ্দিকী, জাপার প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, জাকের পার্টির মোন্তাজ আলী, তৃণমুল বিএনপির শহিদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির শুকুর মাহমুদ, জাতীয় পার্টি (জেপি) সাদেক সিদ্দিকী, জাসদ ( ইনু) এসএম আবু মোস্তফা।
ওজি

