নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের জেরে আব্দুল মান্নান(৭০) নামের এক বৃদ্ধ দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে নাতি রাব্বী।

 

বুধবার (১৭ জানুয়ারি) সকালে কালিহাতী থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এরআগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এরপর থেকেই নাতি রাব্বী ও তার মা পলাতক রয়েছে।

 

নিহত আব্দুল মান্নান উপজেলা আউলটিয়া গ্রামের মৃত ময়নুদ্দিনের ছেলে। রাব্বীর বাবা হায়দর আলী একজন প্রবাসী।

 

নিহত মান্নানের ছেলে হাফিজ জানান, মঙ্গলবার সন্ধ্যায় দাদা মান্নানের সাথে তার ছেলের বউ ও নাতি রাব্বীর ঝগড়া হয়। একপর্যায়ে দাদা মান্নান ও দাদি হাওয়া বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে রাব্বী। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আব্দুল মান্নানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

 

এদিকে মৃত্যুর খবর শুনে নাতি রাব্বী ও তার মা পালিয়েছে। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মা ও ছেলেকে গ্রেপ্তারে অভিযান চলছে।

 

ওজি