ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে একই পরিবারের চারজন এলাকায় মাদক ব্যবসা করলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাড়ি ঘেরাও করে। পরে স্থানীয়দের কাছে ক্ষমা প্রার্থণা করে মাদক ব্যবসা না করার প্রতিশ্রুতি দেয় ওই পরিবার। এরআগে ওই পরিবারের সদস্যরা ইয়াবা, হিরোইনসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করতো বলে অভিযোগ স্থানীয়দের। এতে এলাকার কিশোর, যুবকসহ বিভিন্ন বয়সের মানুষ হাতের নাগালেই মাদক পেত। এতে দিন দিন ওই এলাকায় মাদকসেবীদের আনাগোনা বাড়তে থাকে।

 

উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশি গ্রামের ছুরমান আলী তার স্ত্রী তার স্ত্রী ফাতেমা বেগম ও ছেলে সোহাগ মিয়া ও ছেলের বউ মিলে এলাকায় এই মাদক ব্যবসা করে আসছিল।

 

সম্প্রতি ওই মাদক ব্যবসায়ীদের বাড়ি এলাকার মানুষজন ঘেরাও করেছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  ওই ভিডিও দেখা গেছে, স্থলকাশি ও আশপাশের লোকজন মাদক ব্যবসায়ী ছুরমান আলীর বাড়িতে গিয়ে তাকে মাদক বিক্রির বিষয়ে জানতে চায়। এই নিয়ে স্থানীয় ও মাদক ব্যবসায়ীর সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়। পরে স্থানীয়দের কাছে মাদক বিক্রি না করার অঙ্গীকার করে ছুরমান আলী। এসময় তার পরিবারও মাদক বিক্রি করবে না মর্মে প্রতিশ্রুতি দেয়।

 

এদিকে স্থানীয়রা জানান, শুধু ওই গ্রামেই নয়। মাদকের ভয়াবহতা বেড়েছে পুরো ইউনিয়নে। হাত বাড়ালেই মাদক পাওয়া যাচ্ছে। জনপ্রতিনিধিরাও মাদক ব্যবসায় জড়িত। এতে এলাকায় চুরির ঘটনা বেড়েছে। গোবিন্দাসীর কয়েকটি পয়েন্টে মাদক বেচাকেনা হয়।

 

মাদক ব্যবসায়ী ছুরমান আলীর দাবী, অনেক দিন হল তিনি মাদক বিক্রির সাথে জড়িত নয়। তবে এখন থেকে আর তিনি এলাকায় মাদক বিক্রি করবেন না। তার পরিবারও মাদক বিক্রি করবে না বলে জানায় স্থানীয়দের কাছে।

 

স্থলকাশি গ্রামের মামুন সরকার বলেন, মাদক বিক্রেতা ছুরমান, তার স্ত্রী ফাতেমা বেগম ও ছেলে সোহাগ মিয়া এবং তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ কৌশলে হিরোইন, ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি ও সেবনসহ এবং তারা বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করে। মাঝে মাঝে পুলিশ তাদের ধরে নিয়ে গেলেও আবার ব্যবসা শুরু করে। বিষয়টি নিয়ে তাকে একাধিকবার নিষেধ করা হলেও সে মানে না। যারফলে এলাকার তরুণ ও যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। মাদক বিক্রিরোধে গত শুক্রবার জুমা’র নামাজের পর শেষবারের মতো তাকে মাদক বিক্রি থেকে নিষেধ করতে তার বাড়ি ঘেরাও করা হয়।

 

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, স্থলকাশি গ্রামের একজনের বাড়ি ঘেরাওয়ের বিষয়টি জেনেছি। মাদকদ্রব্য বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চলছে।

 

ওজি/প্রটা