কালিহাতী সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতীতে চলন্ত লরির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (২৫ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে।
কাভার্ডভ্যানের চালকের নাম আলমগীর হোসেন। তার বাড়ি যশোর জেলায়। তবে হেলপারের নাম পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, মহাসড়কের ভূঞাপুর লিংক রোডে ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস উল্টে যায়। এ ঘটনায় আহত হয়েছে আন্তত পাঁচ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, ভোর সাড়ে ৫ টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি লরি ঢাকার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছালে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান লরির পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ ধুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়।
তিনি আরো জানান, ক্ষতিগ্রস্থ পরিবহন দুইটি উদ্ধার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। এছাড়াও পৃথকভাবে মহাসড়কের ভূঞাপুর লিংক রোডে ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস উল্টে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।
ওজি/প্রটা
