সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফাতেমা বেগম (৬১) নামে এক বৃদ্ধা মৃত্যু হয়েছে। নিহত ফাতেমা রানীশংকৈল উপজেলার গোগর এলাকার আজিজুল হকের স্ত্রী।

 

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে রানীশংকৈল – পীরগঞ্জ মহাসড়কের পুরাতন সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফাতেমা বেগম পায়ে হেঁটে তার ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। পুরাতন সেন্টার এলাকায় পৌঁছালে পিছন দিক দিয়ে আসা রানীশংকৈল গামী সিমেন্ট বোঝাই (ঢাকা মেট্রো উ ১১-৩৪১৭) মালবাহী ট্রাকটি সজোরে ধাক্কা দিলে সামনের চাকায় পিষ্ট হয়ে ফাতেমার মুখ মন্ডলসহ দেহ খন্ড বিখন্ড হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় ঘটনা স্থল থেকে ট্রাক চালকে আটক করে পুলিশ।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, এ ব্যাপারে সড়ক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।