মধুপুর সংবাদদাতা: টাঙ্গাইলের মধুপুরে ফাতেমা বেগম (১৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে মির্জাবাড়ী ইউনিয়নের দড়িহাসিল গ্রামের একটি কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ফাতেমা বেগম মির্জাবাড়ী ইউনিয়নের দড়িহাসিল গ্রামের শাহ আলমের মেয়ে এবং হাজীপুর গ্রামের তোতা মিয়ার ছেলে আনাম আলীর স্ত্রী।
মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য জুয়েল আহমেদ জানান, পারিবারিক সম্মতির ভিত্তিতে এক বছর আগে আনাম আলীর সাথে ফাতেমার বিয়ে হয়। গতকাল সোমবার রাতে তারা দুইজনেই মির্জাবাড়ী ঘোষপল্লী এলাকার পূজামন্ডপ দেখতে যান। সেখানে আড়তি অনুষ্ঠান উপভোগ করেছেন তারা দুজনেই। ফাতেমা আড়তি অনুষ্ঠানে নাচতেও দেখেছেন স্থানীয় বাসিন্দারা। রাত সাড়ে ১২টার দিকে কায়ছার আহমেদ তার বোন ফাতেমা ও ফাতেমার স্বামী আনামকে বাড়িতে পাঠিয়ে দেন। সকাল আটটার দিকে তপু ঘোষের কফি ক্ষেতে কর্মরত শ্রমিকের পাশ্ববর্তী ইবরাহিমের কলাবাগানে মহিলার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসীকে ডেকে আনেন।
ফাতেমার স্বামী আনাম আলী জানান, রাতে একসাথেই পূজা মন্ডপ থেকে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে ফাতেমা দৌড়ে কলাবাগানে প্রবেশ করে। তাকে অনেক খোঁজাখুজি করে পাইনি। ফাতেমা প্রতিবন্ধী। তাই পরে ফিরে আসবে ভেবে আমি বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে লোকমুখে খবর পেয়ে কলাবাগানে গিয়ে লাশ দেখতে পাই।
উপপরিদর্শক নুরুল আমিন জানান, লাশের গলায় উড়না পেচানো ছিল। পেচানো উড়না শক্ত করে বাধা ছিলো। ফাতেমার মৃত্যু রহস্যজনক। ময়নাতদন্তের পর বলা যাবে। তবে বিষয়টি তদন্ত চলমান রয়েছে। সহকারি পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, ফাতেমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ওজি
