নিজস্ব প্রতিবেদক: পুলিশি বাঁধার মুখে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আওয়ামী লীগের দুইগ্রু‌পের কোন পক্ষই সমাবেশ করতে পারেনি। প‌রে উভয় পক্ষই পৃথক পৃথক স্থানে সংক্ষিপ্ত সভা করেছে।

 

বৃহস্প‌তিবার (১৮ এপ্রিল) সকা‌লে জেলা আওয়ামী লীগের একাংশ সচেতন নাগরিক সমাজের ব্যানারে ধর্ষণ মামলার আসামি শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংসদ সদস‌্য ছোট ম‌নি‌রের বড় ভাই গোলাম কিবরিয়া বড় মনির‌কে গ্রেপ্তার ও বিচারের দাবী‌তে সমা‌বেশ আহ্বান ক‌রে।

 

টাঙ্গাইল পৌরসভাসহ বি‌ভিন্ন প‌য়েন্টে ককটেল বি‌ষ্ফোরণ

 

অপর দিকে শ্রমিক ফেডারেশনের ব্যানারে একই স্থা‌নে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। এতে শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির নেতৃত্ব দেন। সকাল থে‌কেই প্রশাসন কোন পক্ষকেই শহীদ স্মৃতি পৌর উদ্যান ব্যবহার করার অনুমতি না দিলেও উভয় পক্ষই সেখানে সমাবেশ করার প্রস্তুতি নিতে থাকে।

 

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট ম‌নি‌রের আদালত পাড়াস্থ বাসভবনের সামনে সকাল থেকে সমবেত হতে থাকে নেতাকর্মীরা। অপরদি‌কে পৌরসভার মেয়রের নেতৃ‌ত্বে তার সমর্থকরা পৌরসভা এবং থানা পাড়া এলাকায় জড়ো হয়।

 

দুইগ্রু‌পের সমা‌বেশ‌কে কেন্দ্র ক‌রে পৌরএলাকার নিরালা মোড় হ‌তে পৌর উদ‌্যান পর্যন্ত সড়‌কে যানচলাচল বন্ধ করা হয়। এছাড়া সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ পৌরউদ্যান এলাকায় অবস্থান নেয়। সকাল ১১ টার দিকে সংসদ সদস্য ছোট মনিরের বাড়ির সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করা হলে পুলিশ বাঁধা দেয়। পরে তারা সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে।

এতে সংসদ সদস্য ছোট মনির, বিগত জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী কেন্দ্রীর যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য মামুন অর রশিদ, জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়া, পৌরসভার কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদ ও আমিনুর রহমান আমিন, মাওলানা ভাসানীর নাতী হাসরত খান ভাসানী প্রমুখ বক্তব্য রাখেন।

 

বক্তারা বলেন, শান্ত টাঙ্গাইলকে অশান্ত করার মধ্য দিয়ে কিছু চক্রান্তকারী বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলা কার্যক্রমকে বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা খুনী চক্রের ক্রিড়ানক হয়ে এই উস্কানিমূলক কর্মকান্ডের মাধ্যমে টাঙ্গাইলের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। এদের প্রতিহত করা হবে বলেও ঘোষণা করেন বক্তারা।

 

অপর দিকে একই সময় টাঙ্গাইল পৌরসভা ভবনের সামনে থেকে আওয়ামী লীগ নেতা বড় মনিরের বিচারের দাবিতে মিছিল বের করার উদ্যোগ নেয়া হয়। পৌরসভা মেয়র এসএম সিরাজুল হক আলমগীরের নেতৃত্বে মিছিলটি পৌরসভার চত্বর থেকে রাস্তায় নামার পরেই পুলিশ বাঁধা দেয়। পরে তারা পৌর ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

 

এতে বক্তব্য রাখেন পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন ও মানবাধিকার কর্মী মাহবুদা শেলী।

 

বক্তারা বলেন, সংসদ সদস‌্য তানভীর হাসান ছোট ম‌নি‌রের বড় ভাই গোলাম কি‌বরিয়া বড় মনিরের বিরুদ্ধে একাধিক ধর্ষণ মামলা রয়েছে। তার কারণে দলের ভাবমুর্তি খুন্ন হয়েছে। তাকে গ্রেপ্তার করে বিচারের দাবি জানানো হয়।

 

এরআগে বুধবার রা‌তে শহ‌রের বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে কক‌টেল বি‌ষ্ফোর‌ণের ঘটনা ঘ‌টে। এতে জনম‌নে আত‌ঙ্কের সৃ‌ষ্টি হয়।

 

ওজি/প্রটা