ভূঞাপুরে আলোচিত শিশু শর্মিলা হত্যাকান্ড

 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার হওয়ার পর পরিচয় সনাক্তের জন্য ময়মনসিংহের ক্রাইম সিনের সদস্যরা নমুনা সংগ্রহ করে। কিন্তু এখনও ডিএনএ রিপোর্ট না আসায় মরদেহটি কার সেটি জানা যায়নি। তবে পুলিশ বলছে, মরদেহ সনাক্তের পাশাপাশি ঘটনার রহস্য উন্মোচনের পাশাপাশি দোষীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলার একাধিক বাহিনী যৌথভাবে কাজ করছে।

 

এই ঘটনায় সোমবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য উপজেলার পূর্ব চিতুলিয়াপাড়া থেকে তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ পিবিআই। তবে তদন্তের স্বার্থে আটককৃতদের নাম প্রকাশ করছে না বাহিনীটি।

 

ভূঞাপুরে নিখোঁজের ৯দিন পর বস্তাব‌ন্দি শিশুর দ্বিখ‌ন্ডিত মরদেহ উদ্ধার

 

নিহত শর্মিলার বাবা সুমন মিয়া বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে ওইদিন রাতেই ভূঞাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। আলোচিত এই হত্যাকান্ড নিয়ে থানা পুলিশের পাশাপাশি বিভিন্ন বাহিনীর সদস্যরা যৌথভাবে কাজ করছে বলে জানা গেছে।

 

এদিকে উপজেলায় আলোচিত শিশু শর্মিলা হত্যাকান্ড নিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। যে মরদেহ উদ্ধার করা হয়েছে সেটির পরিচয় সনাক্ত হয়নি। এছাড়া এই ঘটনার কোন রহস্য উন্মোচন করতে পারেনি আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত করছে বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যরা। নৃশংস এই হত্যাকান্ডে জড়িতদের কঠোর শাস্তি চায় স্থানীয়রা।

 

নিহত শর্মিলার বাবা সুমন মিয়া বলেন, উদ্ধার হওয়া মরদেহের কোন পরিচয় এখনও পায়নি। পুলিশ এখনও কিছু জানায়নি।

 

জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক আশরাফ উদ্দিন খান জানান, আটক করা হয়নি। বরং জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকা থেকে তিনজনকে নিয়ে আসা হয়েছে। পিবিআইসহ বিভিন্ন বাহিনীর যৌথভাবে কাজ শুরু হয়েছে।

 

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্ল্যাহ বলেন, ক্রাইম সিনের সদস্যরা নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। এখনও কোন পরীক্ষার প্রতিবেদন আসেনি। ফলে মরদেহটি ওই শিশুর কিনা সেটা এখনও নিশ্চিত হয়। শিশুটির বাবা অজ্ঞাতদের আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাতদন্তে কাজ শুরু হয়েছে। খুব দ্রুতই আসামীদের গ্রেপ্তার করা হবে।

 

উল্লেখ্য, গত ২৬ মে দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের পূর্ব চিতুলিয়াপাড়া গ্রামের সুমন মিয়ার মেয়ে এবং স্থানীয় হাফিজিয়া মাদরাসা ও নুরানী কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নওশিন ইসলাম শর্মিলা (১০) নিখোঁজ হয়। এর ৯দিন পর গত সোমবার সকালে বাড়ির পাশের ধান ক্ষেত থেকে তার দ্বিখন্ডিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরআগে মরদেহ থাকা বস্তাটি নিয়ে কুকুর টানাটানি করছিল। পরে স্থানীয়রা সেটা দেখে পুলিশে খবর দেয়।

 

ওজি/প্রটা