নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মহাসড়ক অব‌রোধ ক‌রে কোটা পদ্ধতি বাতিলের দাবীতে বি‌ক্ষোভ ক‌রে‌ছে শিক্ষার্থীরা। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচী পালন ক‌রে। এসময় মহাসড়‌কের কয়েক‌ কি‌লোমিটার এলাকায় প‌রিবহন বন্ধ থা‌কে।

 

শনিবার (৬জুলাই) সকাল ১০ থেকে বেলা ১২ টা পর্যন্ত সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়ক অবস্থান নিয়ে এ অবরোধ কর্মসূচী পালণ করে তারা। এসময় মহাসড়কে ঢাকা ও উত্তরবঙ্গগামী যানচলাচল বন্ধ হয়ে যায়। উভয় দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। প‌রে অব‌রোধ তু‌লে নেয়ার পর প‌রিবহন চলাচল শুরু হয়। অপ্রীতিকর অবস্থা মোকাবেলায় মোতায়েন করা হয় বিপুল পরিমান পুলিশ সদস্য।

 

বিক্ষোভ করা শিক্ষার্থীরা বলেন, কোটা প্রথা বহালের ফলে বৈষম্যের সৃষ্টি হচ্ছে। যা সংবিধান পরিপন্থী। মুক্তিযুদ্ধাদের ছেলেমেয়ে পর্যন্ত তাদের জন্য কোটা ঠিক ছিল। নাতিনাতনী বেমানান। এক শতাংশ প্রতিবন্ধী বাদে সব কোটা বাতিলের দাবী তাদের। কোটা বহাল থাকলে দেশের মেধাবীরা দেশে চাকুরী না পেয়ে বিদেশে চলে যাবে। দেশে সরকারি চাকুরী করার আগ্রহও হারাবে। দেশ আরও পিছিয়ে পড়বে।

 

সদর উপ‌জেলার সহকারী কমিশনার (ভূমি) রহুল আমীন শরিফ জানান, মহাসড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন কাম্য নয়। পরিস্থিতি শান্ত রাখতে বিপুল পরিমান পুলিশ সদস্য মোতায়েন ছিল। আমরা তাদের সাথে আলোচনা করছি ও তাদের দাবীগুলো উপর মহলে জানানো হবে।

 

ওজি/প্রটা