ভূঞাপুরে শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে সাময়িক বহিস্কার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে অজুর্না মহসীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহুরুল ইসলামকে শিক্ষিকা যৌন হয়রানি ও কু-প্রস্তাব দেয়ার অভিযোগে সাময়িক বহিস্কার করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

 

বুধবার (১৭ জুলাই) বিকেলে প্রধান শিক্ষককে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন অজুর্না মহসীন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও অজুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব। এরআগে মঙ্গলবার বিকেলে ম্যানেজিং কমিটির মিটিংয়ে সিদ্ধান্তের পর প্রধান শিক্ষক কাজী জহুরুল ইসলামকে বহিস্কার করা হয়।

 

এরআগে ওই বিদ্যালয়ের একজন শিক্ষিকাকে যৌন হয়রানি ও কু-প্রস্তাব ঘটনায় লিখিত অভিযোগ দেয়া হয়। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের শাস্তি চেয়ে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে।

 

সাময়িক বহিস্কার চিঠিতে বলা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহুরুল ইসলাম বিভিন্নভাবে শিক্ষিকা যৌন নির্যাতন ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। এই ঘটনায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্র্থীরা তার শাস্তির দাবী করেন। এই ঘটনায় বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হওয়ায় এবং শিক্ষিকার লিখিত অভিযোগ ও প্রধান শিক্ষক দোষ স্বীকার করায় তাকে সাময়িক বহিস্কার করা হল।

 

অজুর্না মহসীন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও অজুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব বলেন, আইন মোতাবেক অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িক বহিস্কার করা হয়েছে। এছাড়া উপজেলা মাধ্যমিক কর্মকর্তার নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্ত প্রতিবেদন শেষ হওয়ার পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ওজি/প্রটা