ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা: যারা ছাত্র ও জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে। সাজিদের আত্মত্যাগের কারণে নতুন স্বাধীনতা পেয়েছি বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালিন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বিলকুকডি গ্রামে নিহত সাজিদের জানাযায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সাজিদদের এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ কোনদিন ভুলবে না। তারা দেশের জন্য জীবন দিয়েছে। আমরাও নির্যাতিত হয়েছি, হয়ত ভাগ্য ভালো আমরা বেঁচে গেছি। বেঁচে গেছি এই কারণে আমরা এখানে এসে কথা বলতে পারছি। আজ আমার মায়ের বুক খালি হয়নি সাজিদের মায়ের বুক খালি হয়েছে। এখন আমরা যারা আন্দোলন করেছি আমরা যারা আছি আমরা প্রত্যেকে সাজিদ। যারা গুলি করে মেরেছে তাদের অবশ্যই বিচার করবো। সেই বিচার করারজন্যই আমরা নতুন স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। সাজিদের পরিবারের দায়িত্ব আমি নিলাম।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ গত ৪ আগস্ট ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন। পরে গত ১৪ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওজি/প্রটা
