ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে গ্রাহকদের জমানোকৃত টাকা ফেরত পাওয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
শনিবার (১৭ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে নব রবি সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেডের গ্রাহকরা মানববন্ধন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। গ্রাহকদের দাবী ওই এনজিও’র ম্যানেজার ও মালিকদের খুজে পাওয়া যাচ্ছে না। তারা গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাত করে পালিয়েছে। এছাড়া এনজিওটির সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
স্মারকলিপিতে গ্রাহকরা জানায়, অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে ভূঞাপুর কাঁচা বাজারে অবস্থিত ‘নব রবি সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেডে নামে সমিতির মালিক মজনু মন্ডল, মো. মোফাজ্জেল হোসেন মিঞ্জু, মো. আমিনুল ইসলাম ও নবরবি ম্যানেজার হায়দার আলী কয়েকশ ব্যক্তির নিকট থেকে বিভিন্ন অংকে অর্থ হাতিয়ে নেন। পরে হঠাৎ করে এনজিও সংশ্লিষ্টরা সাইনবোর্ড খুলে কয়েক কোটি টাকা নিয়ে উধাও হয়ে যায়।
ভুক্তভোগী গ্রাহক জাকিয়া বলেন, কয়েক লাখ টাকা নবরবিতে সঞ্চয় রেখেছি। সেই টাকা নবরবি ম্যানেজার হায়দার আলীর কাছে চাইলে তিনি জানান- আমি চাকরি ছেড়ে দিয়েছি, মালিকদের নিকট নেন।
পৌর এলাকার বিরামন্দী গ্রামের ভুক্তভোগী গ্রাহক ফাতেমা বেগমের ছেলে ফারুক জানান, নবরবিতে আমার মা ১০ লাখ ৫০ হাজার টাকা জমা রেখেছিল। মুনাফা বা জমাকৃত আসল টাকা চাইতে গেলে সমিতির একাধিক অংশীদার থাকায় একে অপরকে দেখিয়ে দেয় এবং তারা প্রভাবশালী হওয়ায় ভয়-ভীতি দেখায়।
এবিষয়ে বক্তব্য জানতে নব রবি সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ’র ম্যানেজার হায়দার আলী ও অংশীদারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে কেউ ফোন ধরেননি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ জানান, এই বিষয়ে অভিযোগ পেয়েছি। দ্রুতই এ ব্যাপারে এনজিও’র সংশ্লিষ্ট ব্যক্তিদের ডেকে টাকা ফেরতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওজি/প্রটা

