ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে গ্রামীণ সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। অর্ধ কোটি টাকা ব্যয়ে ইউনি ব্লকের ইট দিয়ে সড়কটি এখন বেহাল দশায় পরিণত হয়েছে। নিম্নমানের কাজ হওয়ায় সড়কটি মেরামতের কাজ শেষ হওয়ার কয়েক মাস পর থেকেই এক কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ধ্বস দেখা দিয়েছে। ফলে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে কয়েক এলাকার মানুষজনের। সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, উপজেলার চর কয়েড়া মোড় থেকে আকালু ব্রিজপাড় পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কটি গত ২০২২-২৩ অর্থ বছরের আওতায় চলতি বছরে ৫৬ লাখ ৬৮ হাজার ৮০২ টাকা ব্যয়ে ইউনি ব্লকের রাস্তাটি মেরামত কাজ সম্পন্ন করে মেসার্স খাদিজা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
অটোভ্যান চালক সোবাহান মিয়া বলেন, আগে পিচের রাস্তা ভালো ছিল। এখন এই ব্লক ইটের রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলাচল করতে পারি না। রাস্তার ৮ থেকে ১০ টি স্থানে ধস দেখা দিয়েছে। এরফলে যেকোনো ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। কর্তৃপক্ষের কাছে দাবি, যেন দ্রুত রাস্তাটি ফের মেরামত করে দেওয়া হয়।
মেসার্স খাদিজা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের ঠিকাদার বেলাল বলেন, সিডিউল মোতাবেক কাজ সম্পন্ন করা হয়েছে। তাছাড়া প্যালাসাইডিং ধরা ছিল না, সেটি অতিরিক্ত করে দিয়েছি। প্রাকৃতিক দুর্যোগের কারণে ধস দেখা দিয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, কাজটি সম্পন্ন করায় বিল পরিশোধ করা হয়েছে।
ওজি/প্রটা

