ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে যমুনা নদীতে মা ইলিশ শিকার করার দায়ের ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা বিনতে আখতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সোমবার (২৮ অক্টোবর) সকালে মৎস্য কার্যালয়ের উদ্যোগে উপজেলার কুঠিবয়ড়া এলাকায় যমুনা নদীতে এই অভিযান চালানো হয়। এসময় নদীতে জাল পেলেও ভ্রাম্যমান আদালতের খবর পেয়েমালিকরা পালিয়ে যায়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুদীপ ভুট্রাচার্য।
এদিকে উপজেলায় বিভিন্ন সময় অভিযান পরিচালনা হওয়ায় প্রকৃত জেলেরা বেকার হয়ে পড়েছে। এতে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। তবে সরকারিভাবে কিছু পরিমাণ চাল বরাদ্দ পেলেও অনেক জেলে সরকারি সহায়তা পায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ব্যক্তি যমুনা নদীতে কারেন্ট জাল ফেলে মা ইলিশ শিকার করছে। এমন খবর পেয়ে নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
ওজি/প্রটা

