ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে মাহফিলের জন্য শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের দিয়ে রাস্তা-ঘাট এবং দোকানপাটে টাকা তুলে গরু জবাই করে ভুড়িভোজের আয়োজন করেছে কর্তৃপক্ষ। উত্তোলণ করা টাকা থেকে ৮০ হাজার টাকা দিয়ে গরু কিনে ভুড়িভোজ করিয়েছে আসাদুজ্জামান খান দারুল উলুম মাদরাসা। এই ঘটনায় নানা মহলে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
জানা যায়, ভূঞাপুরে আসাদুজ্জামান দারুল উলুম মাদরাসার উদ্যোগে গত ২০ ডিসেম্বর শুক্রবার ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৩৫তম ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকদের দিয়ে বিভিন্ন জায়গায় টাকা তোলা হয়। পরে সেই টাকা থেকে গরু কিনে জবাই করে অতিথিদের খাওয়ার আয়োজন করা হয়। খাওয়ানো ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও প্রতিষ্ঠানের এমন কর্মকান্ডে সাধারন মুসুল্লিরা সমালোচনা করেছেন।
এদিকে শীতের মৌসুম এলেই উপজেলার অধিকাংশ মাহফিলগুলোতে কোমলমতি শিশু ছাত্র ও মাদরাসার শিক্ষকদের দিয়ে উন্নয়নের জন্য টাকা উত্তোলন করা হয়। এসব মাহফিলগুলো বেশিভাগই অতিথিদের দাওয়াতের নামে ভুড়িভোজ অনুষ্ঠান করে আয়োজকরা। এনিয়ে মুসুল্লিদের মাঝে চাপাক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় মুসুল্লিরা জানান, মাদরাসার উন্নয়নের জন্য আমরা টাকা দেই। তারপরও মাদরাসার ছাত্র ও শিক্ষকদের দিয়ে টাকা উত্তোলন করানো হয়। অনুষ্ঠানে ৮০ হাজার টাকা দিয়ে গরু কিনে ভুড়িভোজের আয়োজন করেছে। মাহফিলের নামে টাকা উত্তোলন করে এভাবে গরু জবাই করে ভুড়িভোজের আয়োজন করার কোনো মানেই হয় না।
আসাদুজ্জামান দারুল উলুম মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান জানান, মাহফিলের অতিথিদের জন্য ৮০ হাজার টাকায় গরু কেনা হয়। সেখানে অতিথি ছাড়াও ছাত্রদের অভিভাবকরা ৪ থেকে ৫ জন করে লোক নিয়ে আসে। মাহফিলে মোট কত টাকা উঠেছে তা এখনো হিসাব করা হয়নি। তবে, গতবারের চেয়ে এবার টাকা কম উঠেছে।
ওজি/প্রটা

