মির্জাপুর সংবাদদাতা: টাঙ্গাইলের মির্জাপুরে মসজিদের মাইকে পুলিশকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এসময় পুলিশ বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীকে আটক করতে গেলে নেতাকর্মীদের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

 

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের গাড়াইল গ্রামে বিএনপি নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাসভবনে এ ঘটনা ঘটে।

 

এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে পূর্বে দায়ের করা নাশকতা মামলার আসামী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা জীবন ও গোড়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মিয়াকে গ্রেপ্তার করে।

 

বিএনপির নেতারা জানান, বিএনপির ডাকা টানা তিনদিনের অবরোধ কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীরা আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়িতে জমায়েত হয়। পরে পুলিশ আজাদ সিদ্দিকীর বাড়িতে অবস্থান নেন। এসময় পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করেন। পরে বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ ও ধস্তাধস্তি করে আজাদ সিদ্দিকীকে ছাড়িয়ে নেন। পরে গাড়াইল ত্রিমোহন মসজিদের মাইকে পুলিশকে প্রতিহত করার ঘোষণা বহু নারী ও পুরুষ লাঠিসোটা নিয়ে হাজির হয়। পরে পুলিশের সংখ্যা বাড়ানো হলে সবাই পালিয়ে যায়।

 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দ্যেশে আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়িতে জমায়েত হয়। খবর পেয়ে পুলিশ আজাদ সিদ্দিকীর বাড়িতে গেলে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে মসজিদের মাইকে ঘোষণা দেয় প্রতিহতের। মসজিদ কমিটির সাথে আলোচনা করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

 

ওজি