নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগের বিরোধী মিছিলে দুই গ্রুপের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে আদালত প্রাঙ্গনে শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীরের উপস্থিতিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এই ঘটনার প্রথমে শহরের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ হেলাল ফকিরকে কুপিয়ে আহত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীরের নেতৃত্বে অবরোধ বিরোধী মিছিল বের হয়। মিছিলটি আদালত প্রাঙ্গনে গেলে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ন রশিদ আকন্দ সোনা ও সাধারণ সম্পাদক হেলাল ফকির মধ্যে কথা কাটিকাটি হয়। পরে তাৎক্ষণিক পৌর মেয়র দুইজনকে ডেকে নিয়ে সমাধান করেন। কিন্তু পরবর্তীতে সভাপতি হুমায়ন রশিদ আকন্দ সোনা তার পশ্চিম আকুর টাকুর পাড়া বাড়িতে যাওয়ার সময় প্রতিপক্ষরা তার উপর হামলা করে। এসময় তিনিসহ তার অনুসারীরা উল্টো হামলা করে সাধারণ সম্পাদক হেলাল ফকিরকে কুপিয়ে আহত করে। পরে তার ছেলে ইব্রাহিম ও অনুসারী আজিজ ফকির আহত হয়। হেলাল ফকির বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হুমায়ন রশিদ আকন্দ সোনা বলেন, প্রথম ঘটনাটি মেয়র সমাধান করেছিলেন। পরে আমি বাড়িতে যাওয়ার সময় প্রতিপক্ষরা আমার উপর হামলা করে। পরে আমাকে রক্ষা করার জন্য আমার অনুসারীরা উল্টা হামলা করে তাদের উপর।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু ছালাম মিয়া বলেন, ঘটনাটি আমি শুনেছি। এ ঘটনায় তিনজন আহত হয়েছে বলে জেনেছি। এখনও পর্যন্ত কোন পক্ষ মামলা বা অভিযোগ দেয়নি।
ওজি
