নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচী পালন করার সময় ৬জন আটক করেছে পুলিশ। পরে নাশকার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।

 

রোববার (৫ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের করটিয়া বাইপাস এলাকায় কর্মসূচি পালন করতে গেলে ৫জনকে গ্রেপ্তার করা হয়। পরে বাসা থেকে আরেক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মাওলানা ভাসানির নাতি মাহমুদুল হক ওরফে সানু, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোস্তফা কামাল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাবিবুল আলম ওরফে শাতিল, জেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল বাতেন, যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম ওরফে রুবেল ও টাঙ্গাইল শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন আকন্দ।

 

গ্রেপ্তার মাহমুদুল হক টাঙ্গাইল পৌরসভার গত নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি মাওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব।

 

বিএনপি ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হকসহ কয়েকজন নেতা-কর্মী  সকাল সাড়ে ছয়টার দিকে টাঙ্গাইলের করটিয়া বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সমর্থনে কর্মসূচি পালন করতে যান। এ সময় পুলিশ পাঁচজনকে আটক করে টাঙ্গাইল সদর থানায় নিয়ে যায়।

 

পরে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুর এলাকার বাসা থেকে বিএনপি নেতা শাহীন আকন্দকে আটক করে পুলিশ।

 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছালাম মিয়া বলেন, আটকের পর ২৯ অক্টোবর টাঙ্গাইল সদর থানা করা একটি নাশকতার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

ওজি