দেলদুয়ার সংবাদদাতা: টাঙ্গাইলের দেলদুয়ারে নবনির্মিত দুই বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেছেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
সোমবার(৬ নভেম্বর) দুপুরে উপজেলার আটিয়া ইউনিয়নের ভুরভুরিয়া মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা ও ভুরভুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইতলা ভবনের উদ্বোধন করেন তিনি।
মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. রাশেদ আলী খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মাহমুদুল হাসান মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার নাহিদ পারভীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস প্রতাম মুকুল, আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন, আটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্তি দে।
সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় দেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। তারই ধারাবাহিকতায় দেলদুয়ার-নাগরপুরেও ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। তাহলেই উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। এসময় তিনি সকলের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থণা করেন।
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় দুই কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ভুরভুরিয়া মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা ভবন ও এলজিইডি’র আওতায় এক কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ভুরভুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই তলা ভবন নির্মাণ করা হয়।
ওজি
