বিশেষ প্রতিবেদক: দেশে কোটা সংস্কার আন্দোলন ও কারফিউ জারির কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়েছিল। ফলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের হার কমেছে। এতে স্বাভাবিকের চেয়ে কম সংখ্যক পরিবহন চলাচল করেছে সেতু দিয়ে। এর কারণে গত কয়েকদিন সেতুর পশ্চিম ও পূর্ব টোলপ্লাজার বুথ সংখ্যা কমানো হয়েছিল। ফলে উভয়পাড়ে কয়েকটি বুথে টোল আদায় হয়েছে।
এদিকে বুধবার (২৪জুলাই) হতে অফিস-আদালত খুলে দেয়ায় পরিবহনের সংখ্যা বেড়েছে মহাসড়কে। এদিন সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে স্বাভাবিকভাবেই পরিবহন চলাচল করতে দেখা গেছে। ট্রাকের পাশাপাশি গণপরিবহনের সংখ্যাও বেশি ছিল মহাসড়কে।
সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাইয়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব ও পশ্চিমপাড়ে টোলপ্লাজায় ১৪ হাজার ৭৭৮টি পরিবহন। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৩১ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। ১৯ জুলাই ১৩ হাজার ৯৮৬ পরিবহনের বিপরীতে টোল আদায় এক কোটি ১৭ লাখ ৪৫ হাজার ৯৫০ টাকা, ২০ জুলাই ৮ হাজার ৮৪৩টি পরিবহনের বিপরীতে ৭১ লাখ ৬ হাজার ৪০০ টাকা, ২১ জুলাইয়ে ৭ হাজার ৩০৬ পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ৫৯ লাখ ১৪ হাজার ৩০০ টাকা, ২২ জুলাইয়ে ৯ হাজার ৩১৬ পরিবহনের বিপরীতে ৭৩ লাখ ৭২ হাজার ৭৫০ টাকা ও ২৩ জুলাইয়ে ১১ হাজার ৯০৭ পরিবহনের বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছে ৯৯ লাখ ৮৩ হাজার ৭০০ টাকা। এছাড়া বুধবার (২৪ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত ৭ হাজার ২৭৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৬১ লাখ ৮৩ হাজার ১৫০ টাকা।
এদিকে জেলায় কারফিউ শিথিল করার পর জনজীবন স্বাভাবিক হয়েছে। সকাল থেকেই সরকারি সময় সূচি অনুযায়ী অফিস এবং ব্যাংকের শাখাগুলো খুলেছে। স্বাভাবিকভাবে চলছে অফিস ও ব্যাংকের কার্যক্রম। শহরের সকল দোকানপাট ও শপিংমল এবং বিপনী বিতানগুলো খুলেছে। শহরের ব্যাক্তিগত গাড়ির পাশাপাশি অন্যন্য পরিবহন চলাচল করছে। তবে শহরের মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট এবং বিজিবির টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, গত কয়েকদিনের তুলনায় মহাসড়কে যানবাহনের সংখ্যা বেশ বৃদ্ধি পেয়েছে। গত ১২ ঘন্টায় এতে ৭ হাজার ২৭৭টি যানবাহন পারাপার হয়েছে। তবে বিগত কয়েক দিন আন্দোলন ও পরবর্তিতে কারফিউ জারির কারণে মহাসড়কে পরিবহনের সংখ্যা খুবই কম ছিল। এতে সেতুতে টোল আদায়ের হার ছিল স্বাভাবিকের চেয়ে খুবই কম।
জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, বুধবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়েছে। তবে সন্ধ্যার পর থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত কারফিউ চলমান ছিল।
ওজি/প্রটা

