নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাছান আলীর বিরুদ্ধে ভুয়া সদস্য দিয়ে গভর্নিংবডি পরিচালনা, শিক্ষক নিয়োগে অনিয়ম ও কলেজের গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

 

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজসমূহে ডিজি ও শিক্ষাবোর্ডের অনুমোদনক্রমে তিনজন বিদ্যুতসাহি সদস্য গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত হতে পারেন। অন্যদিকে কোনো কলেজে যদি কারিগরি শাখা চালু থাকে, সেক্ষেত্রে আবেদন করলে কারিগরি শিক্ষাবোর্ডও তাদের প্রতিনিধি হিসেবে একজন সদস্যেকে অনুমতি দিয়ে থাকে।

 

অথচ অধ্যক্ষ হাছান আলী গভর্নিংবডিতে উপরোক্ত কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই দেড় বছরেরও বেশি সময় ধরে বোর্ড প্রতিনিধি হিসেবে স্থানীয় শিয়ালকোল গ্রামের হাসান ছারোয়ার লাভলুকে ও লক্ষীপুর গ্রামের সেলিম পারভেজকে কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিনিধি দেখিয়ে গভর্নিং বডির বিভিন্ন মিটিং এ তাদের উপস্থিতি ও স্বাক্ষরে বৈধ-অবৈধ সকল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। সম্প্রতি বিষয়টি ফাঁস হয়ে পড়লে, ভূঞাপুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এছাড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এতে নিয়োগপত্র ও যোগদান করার পর তার নিয়োগের বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গবেষণাগার/ল্যাব সহকারী নবসৃষ্ট পদে পরীক্ষায় দ্বিতীয়স্থান অধিকারীকে উৎকোচের বিনিময়ে নিয়োগ দেয়ার অভিযোগ রয়েছে।

 

নাম প্রকাশ না করার শর্তে কলেজের একাধিক শিক্ষক জানান, কলেজ প্রতিষ্ঠার পর থেকে বিগত ২৮/২৯ বছরে এমন জালিয়াতি তারা আর কোনোদিন দেখেননি। অধ্যক্ষ বিভিন্ন অনিয়ম করেছে।

 

গভর্নিং বডির দুই সদস্য জানান, অধ্যক্ষ বলেছে আমরা গভর্নিং বডির সদস্য। ফলে তার নোটিশে বিভিন্ন মিটিং-এ অংশগ্রহণ করেছি এবং রেজুলেশনে স্বাক্ষর করেছি। এটা যদি জালিয়াতি হয়ে থাে সেটা অধ্যক্ষ করেছে এবং তার দ্বায়ভার তাকেই বহন করতে হবে।

 

গত ৩০ সেপ্টেম্বর কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেলের সভাপতিত্বে গভর্নিংবডির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অধ্যক্ষের অনিয়ম তদন্ত ও অভ্যন্তরীণ অডিট সম্পন্নের জন্য গভর্নিং বডির ডিজি প্রতিনিধি মো. সুরুজ্জামানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

 

লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাছান আলী শিক্ষক নিয়োগে করণিকের ভুল ধরে দ্বায়ভার এড়িয়ে যান এবং অডিটের কথা বলে অন্যান্য বিষয়গুলো এড়িয়ে যান।

 

ওজি