নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বের হওয়ার পুনরায় গ্রেপ্তার হয়েছে বিএনপির দুইজন নেতা। তাদের পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে টাঙ্গাইল সদর থানার পুলিশ জানিয়েছে।

 

গ্রেপ্তার দুই নেতা হলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী ও সহসভাপতি রকিবুল ইসলাম ওরফে ছুনু। তারা গত ২৯ অক্টোবর নাশকতার একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

 

বুধবার (৮ নভেম্বর) সকালে কারাগার থেকে আটক করার পর পুরোনো একটি নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

 

আদালত ও দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন বিএনপির নেতা আজগর আলী ও রকিবুল ইসলাম। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। বুধবার সকাল ১০টার দিকে তারা কারামুক্ত বাইরে বের হয়ে আসেন। এরপরই পুলিশ কারাফটকের সামনে থেকে তাদের আবার আটক করে থানায় নিয়ে যায়।

 

এর আগে ২৯ অক্টোবর বিএনপির হরতাল চলাকালে মিছিল শেষে শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া থেকে আটক হয়েছিলেন বিএনপির নেতা আজগর আলী ও রকিবুল ইসলাম। ওই দিন তাদেরসহ ২৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতার মামলা করেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুবল চন্দ্র পাল। মামলায় অজ্ঞাতনামা আরও ১২০ জনকে আসামি করা হয়েছিল।

 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, সেপ্টেম্বরে সদর থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে ওই দুই নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাদের আদালতে পাঠানো হবে।

 

ওজি