ভুঞাপুর প্রতিনিধি: তীব্র তাপদাহ এবং বৃষ্টি না হওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষের জীবন। শুধু মানুষ নয়, এর প্রভাব পড়ছে ফসল থেকে শুরু করে পশু-পাখিদের,আবাদি ফসলের ওপরও। আর তাই বৃষ্টি কামনা করে ইস্তেখারার নামাজ আদায় করা হয়েছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকলা বিলে।
বুধবার (১ মে) সকাল ১০টায় নিকলা এলাকাবাসীর উদ্যোগে প্রচণ্ড তাপদাহ, অনাবৃষ্টি ও খরা থেকে বাঁচতে বৃষ্টি কামনায় এই নামাজ আদায় করা হয়। এতে প্রায় ২ শতাধিক মুসল্লি বিশেষ জামাতে অংশ নিয়ে দুই রাকাত ইস্তেখারার নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা বৃষ্টি কামনা করে মোনাজাতে অংশ নেন।
মোনাজাত পরিচালনা করেন চরনিকলা জামে মসজিদের ইমাম আলমগীর হাসান নামাজে অংশ নেয়া মুসল্লিরা বলেন, কিছুদিন ধরেই তীব্র তাপদাহ চলছে। বৃষ্টি না হওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে জন জীবন। এছাড়াও এই এলাকা উপজেলায় বিল ও মাছের জন্য বিখ্যাত। প্রচণ্ড তাপদাহ, অনাবৃষ্টি ও খরার কারনে বিলে পানি নেই। ফসল আবাদে ব্যাঘাত ঘটছে।সেচ দিয়েও কোন কাজ হচ্ছে না। তাই বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করা হয়েছে।
তিনি আরো বলেন, দেশে বালা মসিবত ও অনাবৃষ্টির কারণে আমরা এই নামাজ আদায় করেছি। আল্লাহ চাইলে রহমতের বৃষ্টি হতে পারে।
ওজি/প্রটা
