নিজস্ব প্রতিবেদক: ঈদকে কেন্দ্র করে মহাসড়কে পরিবহনের অতিরিক্ত চাপ ও গভীররাতে এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব অংশের বিভিন্নস্থানে ছোটখাটো দূর্ঘটনার কারণে ১৪ কিলোমিটার অংশে ধীরগতি থাকলেও সকালের দিকে স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড, ভুঞাপুর লিঙ্ক রোড, সেতুপূর্ব এলাকায় কোন যানজট দেখা যায়নি। তবে সড়কে গাড়ির চাপ রয়েছে।
তবে ভোররাত হতে সকাল পর্যন্ত মহাসড়কের ১৪ কিলোমিটার এলাকায় পরিবহনের ধীরগতি থাকলেও কোন যানজট ছিল না।
এদিকে কোরবানী ঈদে পরিবারের সাথে ঈদ করতে ঘরমুখো মানুষজন পরিবার পরিজন নিয়ে ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল ও খোলা ট্রাকযোগে গন্তব্যে যাচ্ছে।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গেল ২৪ ঘন্টায় সেতুতে টোল আদায় বেড়েছে। এসময় ৩০ হাজার ৮৩৪টি পরিবহন সেতু পারাপার হয়েছে। এর বিপরীতে টোলপ্লাজায় টোল আদায় হয়েছে ২ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৯৫০ টাকা। পরিবহনের মধ্যে গরুবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহন ও মোটরসাইকেলের সংখ্যা বেশি সেতু দিয়ে পারাপার হয়েছে।
মহাসড়কে কর্তব্যরত পুলিশ সদস্যরা জানায়, মধ্যরাত যানবাহনের চাপ বেড়ে গিয়েছিল সড়কে। তাছাড়া মহাসড়কের বিভিন্নস্থানে ছোটখাটো একাধিক দুর্ঘটনা ঘটেছিল। ফলে ওই সব ক্ষতিগ্রস্থ পরিবহনগুলো সড়াতে সময় লাগায় মহাসড়কে পরিবহনের ধীরগতির সৃষ্টি হয়। তবে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা পরিবহনগুলোকে সেতুপূর্ব গোলচত্ত্বর থেকে ঘুরিয়ে ভুঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়ক দিয়ে যাতায়াত করছে। ফলে মহাসড়কের এলেঙ্গা হতে সেতুপূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক একমুখি করা হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, এলেঙ্গা থেকে সেতুপূর্ব পর্যন্ত সড়ক একমুখি করার কারণে কোন ধীরগতি নেই মহাসড়কে। স্বাভাবিক গতিতেই পরিবহনগুলো চলাচল করছে। কোথায় কোন যানজট বা পরিবহনের ধীরগতি নেই।
ওজি/প্রটা
