ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে তিনদিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। মেলায় নাগরদোলা, চড়কি, খাবার স্টল, কাপড়ের স্টল, ফার্নিচার, ঝুড়িসহ বিভিন্ন পন্যের দোকান বসেছে মাঠে ও আশপাশের এলাকায়। দীর্ঘদিন পর ভূঞাপুরে মেলা অনুষ্ঠিত হওয়ায় মানুষজন তাদের পরিবার পরিজন নিয়ে মেলায় ঘুরতে আসছে। শত শত মানুষ মেলায় আসছে।

 

ভূঞাপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে তিনব্যাপী বৈশাখী মেলা চলছে পাইলট স্কুল মাঠে। প্রথমদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী এবং আব্দুল করিম খানের নির্দেশনা ও ধূমকেতু থিয়েটারের পরিবেশনায় নাটক “মহেষ”।

 

ধূমকেতু থিয়েটারের পরিবেশনায় মহেষ নাটকে অভিনয় করছেন শিল্পীরা- ছবি প্রতিদিনেরটাঙ্গাইল২৪.কম

 

ভূঞাপুরে তিনদিনব্যাপী বৈশাখী মেলা শুরু; সন্ধ্যার পরই সাংস্কৃতিক অনুষ্ঠান

 

  • আজকে যা অনুষ্ঠিত হবে-

শুক্রবার (২৬ এপ্রিল) মেলার দ্বিতীয়দিনে বিকেল ৩টায় বাংলা হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এরপর বিকেল ৫টা ১০ মিনিটে লৌহজং শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এরপরই ৫টা ৪৫ মিনিটে সেতু শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় আরেকটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। মুঠোফোন ও শিশুদের ভবিষ্যৎ নিয়ে এই আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এছাড়া সর্বশেষ রাত ৮টা ৩০ মিনিটে তৌফিক আহমেদের রচনা এবং মাহবুবুর রহমান স্বপনের নির্দেশনা ও উদীচী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় অনুষ্ঠিত হবে নাটক “পথের মানুষ”।

 

মেলায় আগতরা চড়কিতে চড়ে আনন্দ করছে

 

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জলিল আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম। এতে আরো উপস্থিত থাকবেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্ল্যাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল চন্দ্র বসাক, লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম রব্বানী রতন, শহীদ জিয়া মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সা’দত বিপলু, বিশিষ্ট ছড়াকার শাজু রহমান, ইব্রাহীম খাঁ সরকারি কলেজের অধ্যাপক আনোয়ারুল ইসলাম পাপ্পু, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মাহমুদ, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক এবং কবি ও গবেষক মামুন তরফদার।

 

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সেলিম পারভেজ, বজলুর রহমান, সাংবাদিক আখতার হোসেন খান, এম.কে হাতেম ও সোহরাব জোয়াদ্দার। বৈশাখী মেলাটির মিডিয়া পাটর্নার প্রতিদিনেরটাঙ্গাইল২৪.কম। 

 

ওজি/প্রটা